ফরিদপুর প্রতিনিধি :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা “জিয়া খাল” ও “সুতানালী খাল” পূন:খননের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কৃষক সমাজ। ইউনিয়নের চাঁনপুর এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি, ঈশান গোপালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে থেকে এ দাবী জানান কৃষকরা।
বক্তারা বলেন, জিয়া খাল ও সুতানালী খালসহ ওই এলাকার খালগুলো খনন করা হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন প্রায় পাঁচ হাজার কৃষক ও শতাধিক জেলে পরিবার। এতে চাষাবাদ বাড়বে ওই এলাকার কয়েকটি মাঠের কয়েক হাজার একর জমিতে। তারা জানান, খাল খনন না করায় ওই সব এলাকার চাঁদপুর, ফতেপুর, রসুলপুর ও শিবরামপুর মাঠের জমি দুই সহস্রাধিক একর কৃষি জমি জলাবদ্ধ থাকে বছরের অধিকাংশ সময়। এতে তিন ফসলী জমিগুলো এক ফসলী জমিতে পরিনত হয়েছে। ফলে কৃষকদের পাশাপাশি বিপাকে পড়েছেন মৎস্যজীবিরাও।
ন্যায্য মূল্যে সার পাওয়া যাচ্ছে না জানিয়ে বক্তারা আরো জানায়, ডিলার পয়েন্টে গিয়ে সার পাওয়া যায়না, আবার খুচরা দোকানে অতিরিক্ত মূল্যে ঠিকই সার পাওয়া যায়। এই অনিয়ম দূর করতে ন্যায্যতা ভিত্তিক সার বন্টন করার দাবী তাদের। এছাড়া উৎপাদিত ফসলের লাভজনক মূল্যের দাবীও জানানো হয় ওই সমাবেশ থেকে।
পরে চাঁদপুর আজিজুল হক মিয়া পাড়ায় ভুবনেশ^র নদীর পাড়ে বাংলাদেশ কৃষক সমিতি, ঈশান গোপালপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহানারা বেগমকে সভাপতি, আনোয়ার হোসেন আনাকে সাধারণ সম্পাদক এবং ফরিদ সেককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খাঁন, কেন্দ্রিয় কমিটির সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সদর উপজেলা কমিটির সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর আব্দুল্লাহ সাঈদ প্রমূখ বক্তব্য রাখেন। #