ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের উত্তর সাদীপুরের স্লুইস গেটের পাশের ভুবনেশ^র খাল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী ফরিদপুর সদরের সাদিপুর ব্রীজ এলাকায়। ওই নারী গত সোমবার থেকে নিঁখোজ ছিলেন। স্বজনদের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ ও নিগতের পরিবারের স্বজনেরা জানান, ষাটোর্দ্ধ বিধবা জবেদা বেগম বাড়ীর টিনের ঘরটিতে একাই থাকতেন, সন্তানদের পরিবার পাশের পাকা ভবনে থাকেন। রোববার রাতে যথারীতি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েন তিনি, সকালে তার ঘরের একটি দরজা খোলা দেখতে পাওয়া যায়। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তবে তার ব্যবহৃত স্যান্ডেলসহ অন্যান্য জিনিসপত্র স্বাভাবিতভাবেই খাটের পাশে পড়ে ছিলো।
অত:পর তাকে দিনভর খোঁজাখুজি করে না পেয়ে পরদিন মঙ্গলবার কোতয়ালী থানায় নিঁখোজের সাধারণ ডায়রী করা হয়। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ীর এক কিলোমিটার দুরের উত্তর সাদিপুরের ভুবনেশ^র খালের পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা মরদেহটি জবেদা বেগমের বলে সনাক্ত করেন।
নিহতের স্বজনদের দাবী, ওই নারী ষাটোর্দ্ধ হলেও শারীরিকভাবে সক্ষম ছিলেন। তিনি সাঁতারও জানতেন। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কিনা তা তদন্ত হওয়া দরকার।
ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মরদেহটি কিছুটা পঁচে যাওয়ায় শরীরে কোনো ধরনের আঘাত রয়েছে কিনা তা সাদা চোখে দৃশ্যমান নয়। ময়নাতদন্ত শেষে বলা যাবে। তবে তিনি জানান, ওই নারীর শরীরে স্বর্ণালংকার যথাযতভাবেই ছিলো। তিনি জানান, এটি হত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। #