ফরিদপুরে স্বামীর প্রতারণার স্বিকার হয়ে বিচার দাবীতে দুই সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন উপায়হীন স্ত্রী রেক্সনা পারভীন। তার বাড়ী জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে। সে একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের হামিদ মোল্যার ছেলে পারভেজ হোসেন নিয়ামতের (৩০) দ্বিতীয় স্ত্রী। স্বামী নিয়ামত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সম্প্রতি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পদ পেয়েছেন। স্ত্রীর অভিযোগ উপজেলা বিএনপির পদ পাওয়ার পর থেকেই বদলে গেছে স্বামীর আচরণ।
শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ওই নারী তার স্বামী কর্তৃক প্রতারণার নানা চিত্র তুলে ধরে জানান, তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে পারভেজ হোসেন নিয়ামতের সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের তিনমাস পরেই একটি মাইক্রোবাস কিনে ভাড়ায় চালানোর জন্য নগদ এক লাখ এবং এনজিও থেকে আরো এক লাখ টাকা স্ত্রীকে দিয়ে ঋণ তুলিয়ে নেন স্বামী নিয়ামত।
তিনি জানান, মাত্র ২৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করার পর কিস্তি দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে শালিস বৈঠক হলে ৮০ হাজার টাকার একটি চেক দিয়ে যায়, যা ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়।
তিনি দাবী করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসায় এবং দলীয় পদ পেয়ে পুরোপুরি তাঁর আচরণও পাল্টে যেতে শুরু করে। তখন কিস্তির টাকা পরিশোধ করতে বললে নানাভাবে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। ঠিকমতো কিস্তি দিতে না পারায় সমিতির কর্তৃপক্ষ অর্থঋণের মামলা দায়ের করেছে।
তিনি দাবী করেন, নিয়ামত এরই মধ্যে আরো একটি বিয়ে করে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দয়েছে।
অর্থঋণের মামলা থেকে মুক্তি ও স্বামীর প্রতারণা বিচার পেতে তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। #