স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৫৫) নামের এক পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার ছেলেধরচর এলাকায় এ খুনের ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে পিতাকে আঘাত করে পুত্র নাঈম ফকির (১৯)। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।