ফরিদপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুপুর পালসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতাকে শুধু পড়া, লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সাক্ষরতার ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, শিক্ষার সুযোগ প্রসারিত করা এবং বিশ্বের প্রতিটি মানুষের কাছে সাক্ষরতাকে মৌলিক অধিকার হিসেবে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব ও কর্তব্য।
এর পূর্বে একটি শোভাযাত্রা শহরের জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে ফিরে এলে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। #