স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরকে সন্ত্রাসী কায়দায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনির জানান, গত শনিবার রাত ১২ টার দিকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে আলীপুর গোরস্থানের নিকট পৌছালে তিনটি মোটরসাইকেলে পাঁচ-ছয়জন সন্ত্রাসী তার গতিরোধ করে পিস্তলের বাট দিয়ে তাকে আঘাত করে এবং বেশি বাড়াবাড়ি না করতে এবং বাসা থেকে বের না হতে বলে। মনির জানান, এর আগে দশ-পনেরদিন আগেও তার বাসায় অফিসে যেয়েও একইভাবে হুমকি দেয়া হয়। ‘দলের মধ্যে নোংরা রাজনীতি শুরু হয়েছে।
একারণেই এসব হচ্ছে বলে মনির অভিযোগ করেন। এদিকে আওয়ামী লীগ নেতা মনিরকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমেদ ফয়সাল, ইমরান সিজার, ১০ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান প্রমুখ।
বক্তাগণ অভিযোগ করে বলেন, বর্তমানে ফরিদপুরে রাজনীতি করার সুস্থ পরিবেশ নেই। কয়েকদিন আগে পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হোসেন মিঠুর বাড়িতে বোমা হামলা হয়েছে। গতকাল মনিরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসবের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। এব্যাপারে রাতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করবেন বলে মনিরুজ্জামান মনির জানিয়েছিলেন।